প্রেসত্রিুপশন

অগ্ন্যাশয় পাথরে দেশেই যখন আধুনিক চিকিৎসা- ডা. এম. এ. করিম

মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। অনেকেই হয়তো জানেন না যে, পিত্তথলি বা কিডনির মতো অগ্ন্যাশয়েও পাথর হতে পারে। তবে এই রোগে আক্রান্ত হলে ভয়ের কোনো কারণ নেই। কারণ বর্তমানে আমাদের দেশেই এর অত্যন্ত আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পাথরগুলোকে প্যানক্রিয়াটিক স্টোন বা প্যানক্রিয়াটোলিথ বলা হয়, যা মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। এই পাথরগুলো যখন অগ্ন্যাশয়ের ভেতরে বড় হতে থাকে, তখন তা অগ্ন্যাশয়ের পাচক রস বা এনজাইম প্রবাহের স্বাভাবিক নালিতে বাধা সৃষ্টি করে। এর ফলে পেটে প্রচণ্ড ব্যথা, বমি ও খাবার হজমে গুরুতর সমস্যাসহ নানাবিধ শারীরিক জটিলতা তৈরি হয়। সুস্থ ও সচেতন থাকার জন্য এই রোগের পেছনের মূল কারণ এবং লক্ষণগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন।

অগ্ন্যাশয়ে পাথর হওয়ার অন্যতম প্রধান কারণ হলো, দীর্ঘস্থায়ী অগ্ন্যাশয়ের প্রদাহ বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এ ছাড়া অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকলে অগ্ন্যাশয়ের নালিতে সহজে প্রোটিন ও এনজাইম জমা হয়ে পাথরে রূপ নেয়। অনেক সময় পিত্তথলির পাথর বা গলস্টোন পিত্তনালি থেকে নিচে নেমে এসে অগ্ন্যাশয়ের নালির মুখে আটকে যায় এবং সেখানে তীব্র প্রদাহের সৃষ্টি করে। কিছু কিছু ক্ষেত্রে বংশগত বা জিনগত ত্রুটির কারণেও এই রোগ হতে পারে।

এই রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেটের ওপরের মাঝখানে তীব্র ব্যথা হওয়া, যা অনেক সময় পিঠের দিকে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি বমি ভাব বা অনবরত বমি হওয়া, খাবার সহজে হজম না হওয়া, মল দিয়ে অতিরিক্ত চর্বি নির্গত হওয়া (গ্রিজি স্টুল) এবং কোনো কারণ ছাড়াই রোগীর দ্রুত ওজন হ্রাস পাওয়া অন্যতম উপসর্গ। নালিটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে রোগীর শরীরে জন্ডিস দেখা দেয় এবং অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা কমে গিয়ে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা পরবর্তীতে ডায়াবেটিসের সৃষ্টি করে। সুতরাং, আপনি যদি পেটে তীব্র ব্যথা বা জন্ডিসের মতো কোনো লক্ষণ অনুভব করেন, অথবা আল্ট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যানের মতো রোগ নির্ণয় পরীক্ষার রিপোর্টে পাথরের উপস্থিতি পান, তবে অবহেলা না করে দ্রুত সঠিক চিকিৎসকের শরণাপন্ন হোন। সঠিক সময়ে রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।

লেখক : সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ
মার্কস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মিরপুর এবং লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার লি: লেক সার্কাস, কলাবাগান, ঢাক। হটলাইন :০১৮১৮৪৪৪৮৪২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *